বাংলাদেশের অপশক্তি রুখতে একলা চলো নীতি আত্মঘাতী: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামাত জঙ্গি চক্রের বিরুদ্ধে গত বিশ বছর ধরে চলা সংগ্রামের সাফল্য আমরা অর্জন করতে পেরেছি চৌদ্দ দল ও মহাজোটের ঐক্যের রাজনীতির কারণে। ঐক্যই পারে বিএনপি জামাতকে কোণঠাসা করে রাখতে। সেই সফলতা যদি ধরে রেখে সংহত করতে হয় তাহলে ঐক্য ছেড়ে একলা চলো নীতি হবে আত্মঘাতী।

বৃহস্পতিবার বেলা ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজ মিলনায়তনে জাসদ সভাপতি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় সেখানে জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি ইনু বলেন, ঐক্যই পারে জঙ্গিদের ধ্বংস করতে এবং জঙ্গি দমনের সুফলগুলো সংহত করতে ঐক্যের কোনো বিকল্প নাই। যেহেতু এখনও পর্যন্ত ২১আগস্টের খুনিদের পক্ষে ছাপাই গাওয়া চলছে, বাংলাদেশ যেহেতু বিপদমুক্ত নয়, যে ঐক্য জঙ্গি দমনে সাফল্য দিয়েছে সেই বিজয়টাকে ধরে রাখার জন্যে একলা চলা নীতি বাদ দিয়ে ঐক্যের নীতিটাকে আরও শক্তভাবে অনুসরণ করা উচিত। ওরা কোণঠাসা হলেও রাজনৈতিকভাবে এখনও আত্মসমর্পণ করেনি।

জাসদ সভাপতি ইনু আরও বলেন, টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা তা কাঙ্ক্ষিত মাত্রাই অর্জন করার দক্ষতা ও সক্ষমতা বাংলাদেশ সরকারের আছে। গত ১০বছরের বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও  উন্নয়নে যে সফলতা এবং দক্ষতা প্রদর্শন করেছে, তাতে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।