ফোর্বসের তালিকায় অক্ষয়ই একমাত্র ধনী বলিউড অভিনেতা

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছেন অক্ষয় কুমার।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র তিনিই ফোর্বস তালিকায় জায়গা করে নিয়েছেন। শীর্ষ দশের মধ্যে অক্ষয়ের অবস্থান চার নম্বরে।

২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত ওই বলিউড অভিনেতার অর্জিত পারিশ্রমিক ৬৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫০ কোটি টাকা।

ওই তালিকার শীর্ষে রয়েছেন ডোয়েন ‘দ্য রক’ জনসন। তার অর্জিত এখন পর্যন্ত ৮৯.৪ মিলিয়ন ডলার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন ‘অ্যাভেঞ্জার্স’ ক্রিস হেমসওয়ার্থ এবং রবার্ট ডাউনি জুনিয়র। তাদের অর্জিত পারিশ্রমিক যথাক্রমে ৭৬.৪ মিলিয়ন এবং ৬৬ মিলিয়ন ডলার।

২০১৭ সালে প্রকাশিত ধনী অভিনেতার তালিকায় নাম ছিল শাহরুখ খান এবং সালমান খানের। শাহরুখ ছিলেন অষ্টম ধনী অভিনেতা, তারপরেই নবম স্থানে ছিলেন সালমান খান।

সেবার অক্ষয় কুমার ছিলেন দশ নম্বরে। এবার দশ থেকে সোজা চারে উঠে এলেন তিনি আর বাদ পড়েছেন দুই খান।