সেলিম আল দীন স্মরণে মঞ্চস্থ হবে ‘রহু চণ্ডালের হাড়’

নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে আরশীনগর প্রযোজিত 'রহু চণ্ডালের  হাড়' নাটকের দুটি বিশেষ প্রদর্শনী। এদিন বিকেল ৪টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে এটি নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।

এতে রহু চরিত্রে অভিনয় করছেন- আসাদুজ্জামান আবির। অন্যান্য চরিত্রে রয়েছেন- স্বপ্নীল সোহেল, শ্যামাঙ্গিনী শ্যামা, শারমিন ডেইজি, ওয়াহিদ খান সঙ্কেত, নুসরাত জিসা, বৈজয়ন্তী খীসা, হৃদয় বসাক, ফারজানা মুক্ত, তানজিম আহমেদ, প্রিন্স সিদ্দিকী, নাজমুল রিগান, নওরীন নিপু, হাসান অমিত, জিনাত জাহান নিশা, আইনুন পুতুল প্রমুখ।শাহীন রহমানের আলোক পরিকল্পনায় নাটকের পোশাক পরিকল্পনা করেছেন রেজওয়ানা মৌরি রেজা।

নাটক প্রসঙ্গে রেজা আরিফ বলেন, ‘এ নাটকটি মূলত যাযাবর-বাজিকরদের জীবন-প্রবাহের বাস্তবতা নিয়ে আবৃত। এ নাটকের মধ্য দিয়ে সংগীতের অপূর্ব ব্যবহার আর কুশলীদের শৈল্পিক উপস্থাপনায় আরশিনগর নাট্যপ্রেমীদের বিশেষ কিছু উপহার দিতে চায়। অনেক দিন ধরেই আমরা টানা মহড়ার মধ্য দিয়ে একটা ভালো নাটক দর্শকের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আশা করছি, নাটকটি সবার জন্য দারুণ উপভোগ্য হবে।’

ভারতবর্ষের প্রায় দেড় শ বছরের ইতিহাসের সঙ্গে বাজিকরের পাঁচ পুরুষের পরিক্রমণ, থিতু হওয়ার চেষ্টা আর বিতাড়িত হওয়ার বেদনাগাথা নিয়ে আবর্তিত হয়েছে রহু চণ্ডালের কাহিনি। ঘটনার সময়কাল ঊনবিংশ শতকের মাঝামাঝি। রাজমহলের গঙ্গার গড়ে ওঠে বেদে জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাজিকরের অস্থায়ী ছাউনি। বাজিকরদের জীবনের প্রবাহমান বাস্তবতার চিত্র উঠে এসেছে নাটকটির গতিময় উপস্থাপনায়।