শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বানাল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা পরিস্থিতিতে নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করল ইরান। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির উপস্থিতিতে এই প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করা হলো।

তুরস্কের ডেইলি সাবাহ জানায়, প্রেসিডেন্ট রুহানির উপস্থিতিতে নিজস্ব প্রযুক্তির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাভার-৩৭৩ উন্মোচন করেছে ইরান। এটিকে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ এর সমশক্তি হিসেবে দাবি করেছে দেশটি।

প্রেসিডেন্ট রুহানি তার বক্তব্য বলেন, এই প্রতিরক্ষা ব্যবস্থা রুশ এস-৩০০ থেকেও অধিক শক্তিশালী এবং এর সামর্থ্য এস-৪০০ এর কাছাকাছি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি বলেন, এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে ৩০০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুকে আমরা শনাক্ত করতে সক্ষম। ২৫০ কিলোমিটার দূরত্ব থেকে সেটিকে আমরা বাধা দিতে পারব এবং ২০০ কিলোমিটারের মধ্যে সেটিকে ধ্বংস করতে পারব।

দেশটির জাতীয় প্রতিরক্ষা প্রযুক্তি দিবস উপলক্ষে এই প্রতিরক্ষা ব্যবস্থা উন্মুক্ত করা হলো। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ায় দেশটি নিজস্ব প্রযুক্তিতেই সমরাস্ত্র প্রস্তুত করে থাকে।