নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু তার রক্ত দিয়ে আমাদের ঋণী করে গেছেন। আমরা সবাই মিলে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে পারলেই কেবল তার রক্তের ঋণ শোধ করতে পারবো। দেশের প্রতিটি নাগরিকের উচিত বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সুনাগরিক হয়ে দেশ প্রেমিক হওয়া।
বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বি.আই.ডাব্লিউ.টি) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্ভাবনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঘাতকেরা ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। খুনি জিয়া ও মোস্তাক গংরা এ দেশ থেকে দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের জাতে বিচার না হয় সে ব্যাপারে জিয়া দালাল আইন বাতিল করেছিল, খুনিদের পরোক্ষ ভাবে সমর্থন দিয়েছিল।
মানবাধিকার নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবাধিকার নেতারা আইনের শাসন ও মানবাধিকার নিয়ে কথা বলে, কিন্তু বঙ্গবন্ধু, শেখ রাসেল, সুকান্ত বাবু হত্যাকাণ্ড নিয়ে কেন তারা কোন কথা বলে না? আইনকে চ্যালেঞ্জ করে এ সকল খুনিদের সঠিক বিচার করতে হবে।
বঙ্গবন্ধুর ৪৪তম শাতাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ঢাকা বন্দর) এ. কে. এম আরিফ উদ্দিন। এছাড়া বি আই ডব্লিউটিও অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিআইডাব্লিউটি এর মোট ১৫০ জন কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।