২৩ জুলাই ‘জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস’ ঘোষণার দাবি

দেশে মানুষের মানসিক স্বাস্থ্যের বর্তমান অবস্থা বিবেচনায় ২৩ জুলাই ‘জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে কয়েকটি সংস্থা। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য পরামর্শক সংস্থা মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশনের (মা) আয়োজনে চট্টগ্রাম নগরীর একটি রেস্তরাঁয় এক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান।

দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো মজবুত সাংগঠনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে মা-এর সদস্য ড. মোহাম্মদ মোজাহেরুল ইসলাম বলেন, ‘দেশে মাঠ পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার মান তৃতীয় বিশ্বের যে কোনো রাষ্ট্রের জন্য ঈর্ষণীয়। তাই মানসিক সমস্যায় আক্রান্ত ১৬ দশমিক ১ শতাংশ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে এই অবকাঠামোকে ব্যবহার করতে হবে। অজ্ঞতা ও অসচেতনতা দূর করতে জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস ঘোষণা এখন সময়ের দাবি।’

শরীফ চৌহান বলেন, প্রয়াত মোহসিন সিদ্দিক ওরফে লুলু কুষ্টিয়ার কুমারখালীতে ‘মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের জাতীয় সম্মেলন’ আয়োজন করে তাদের মানবাধিকার ও স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন।