নেইমারকে ফিরে পেতে তার সাবেক দল বার্সেলোনা কত কি-ই না করছে। সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে পিএসজি। এবার অপর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বিশাল প্রস্তাব দিয়েছে। ১০০ মিলিয়ন ইউরো সঙ্গে গ্যারেথ বেল, হামেশ রদ্রিগেজ ও গোলরক্ষক কেইলর নাভাসকে দেবে। তবুও মন গলল না পিএসজির। ফরাসি জায়ান্টরা এবার রিয়ালকে ফিরিয়েও দিয়েছে। তাই নতুন মৌসুমে নেইমারের দলবদল বা মাঠে নামা দুটোই বাতাসে ভেসেই রইল।
রিয়ালের প্রস্তাব দেওয়ার বিষয়টি প্রকাশ করেছে ফরাসি ক্রীড়া দৈনিক লা ইকুইপ। নেইমারের পেছনে এই দলবদলের শুরু থেকেই রিয়ালের নাম শোনা যাচ্ছিল। কিন্তু একেবারে শেষদিকে এসে নেইমারকে পেতে তোড়জোড় শুরু করে মাদ্রিদ জায়ান্টরা। অবশ্য কখনোই সরাসরি ব্রাজিল তারকার বিষয়ে তাদের আগ্রহ বা কোনোরকম প্রস্তাব প্রকাশ্যে আসেনি। এই প্রথম ফরাসি দৈনিকটি আনুষ্ঠানিক প্রস্তাবের সংবাদ প্রকাশ করে। ১০০ মিলিয়ন ও বেল, রদ্রিগেজ ও নাভাসকে দেওয়ার কথা বলেও অবশ্য পিএসজিকে খুশি করাতে পারেনি রিয়াল। নেইমারকে যে দামে কিনেছিল তাকে ছেড়ে দিতে ওই পরিমাণ অর্থ চায় পিএসজি। এর কমে কোনো প্রস্তাবই গ্রহণ করছে না তারা। রিয়ালের প্রস্তাবের মোট মূল্য পিএসজির কাছে ২২২ মিলিয়ন ইউরো মনে হয়নি। তাই প্রত্যাখ্যাত হয়েছে। এছাড়া বেল, রদ্রিগেজ ও নাভাসের ব্যাপারে কোনোরকম আগ্রহও নেই পিএসজির। তাই রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিতে দুবার ভাবতে হয়নি ফরাসি জায়ান্টদের।