মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ১৫ আসামির প্রতিবেদন প্রকাশ

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলপুরের ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার ধানমন্ডির সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় মামলায় কারাগারে থাকা পাঁচ আসামির নাম প্রকাশ করলেও তদন্তের স্বার্থে পলাতক অন্য ১০ আসামির নাম প্রকাশ করেনি তদন্ত সংস্থা।

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক খান ও এই মামলার তদন্ত কর্মকর্তা মো. রুহুল আমিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সানাউল হক জানান, এটি তদন্ত সংস্থার ৭৪তম প্রতিবেদন। এই মামলায় মোট আসামি ১৫ জন। এর মধ্যে ৫ জন গ্রেপ্তার এবং বাকি ১০ আসামি পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

কারাগারে থাকা আসামিরা হলেন মো. গিয়াস উদ্দিন খান (৭৭), সৈয়দ বদিউর রহমান ওরফে বনু মিয়া (৭০), মো. উমেদ আলী (৮৭), মো. আবু ছিদ্দিক (৭৫), মো. আবদুল খালেক (৬২)। এ মামলায় ২০১৭ সালের ৬ আগস্ট থেকে তদন্ত শুরু হয়। চার খণ্ডে মোট ৩৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে ১৩০ জনকে হত্যা, ২০ থেকে ২৫ জনকে আহত, এক নারীকে ধর্ষণ, ২৫ থেকে ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ২৫ থেকে ৩০টি বাড়িতে লুটপাট চালানোসহ ৭টি অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।