বৃষ্টিপাত বাড়ায় প্রশমিত হবে তাপপ্রবাহ

প্রায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় ঢাকাসহ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এর ফলে ঢাকা, সিলেট, রাজশাহী ও বগুড়া অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কোথাও কোথাও প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে হাতিয়ায় ৪৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ৪ মিলিমিটার।