কীভাবে হীরার সন্ধান পেতে হয়, সেটি দেখছিলেন ইউটিউবে। টেক্সাসের বাসিন্দা মিরান্ডা হলিংসহেড ভিডিও থেকে চোখ ফিরিয়ে ডানে তাকাতেই সত্যি-সত্যি পেয়ে গেলেন মূল্যবান হীরার সন্ধান!
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের আরকানসাস রাজ্যের ক্রেটার অব ডায়ামন্ডস স্টেট পার্কে বেড়াতে গিয়ে অদ্ভুত এই অভিজ্ঞতার মুখোমুখি হন ২৭ বছরের তরুণী মিরান্ডা। এই পার্কের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে পর্যটকেরা হীরা কুড়িয়ে পান। হীরা খুঁজতে কর্তৃপক্ষও অনুমতি দেয়।
মিরান্ডা তার পরিবার নিয়ে ঘণ্টাখানেক পার্কে ছিলেন। একসময় ছোট একটা পাহাড়ের পাশে বিশ্রামের সিদ্ধান্ত নেন। সেখানে বসেই ইউটিউব দেখতে শুরু করেন।
কিছুক্ষণ পর সন্তানের খেয়াল রাখতে ডানদিকে তাকান। চোখ ফিরিয়ে আবার ভিডিওতে আসতে আসতে নিচের দিকে নজর যায়।
‘প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না,’ জানিয়ে মিরান্ডা বলেন, ‘টুকরোটি দেখেই বুঝতে পারি এটি হীরা। পরে মাকে ডেকে আনি।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মিরান্ডার হীরার পরিমাণ ৩.৭২ ক্যারেট। ২০১৭ সালের পর এই পার্কে এত বড় হীরা আর কেউ পাননি।