আমাজনে আগুন নিয়ে বহির্বিশ্বের নাক গলানোর প্রয়োজন নেই: ব্রাজিল প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো বলেছেন, আমাজনে আগুন নিয়ে বহির্বিশ্বের নাক গলানোর প্রয়োজন নেই। 
তিনি ব্রাজিলের কৃষকরা অবৈধভাবে আগুন দিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন। 

আমাজনের আগুনকে ‘আন্তর্জাতিক সঙ্কট’ হিসেবে বর্ণনা করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এ বিষয়ে জি-৭ সম্মেলনে আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, আমাদের ঘর জ্বলছে।

বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চলে রেকর্ড অগ্নিকাণ্ড নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এর জবাবে বৃহস্পতিবার জায়ার বোলসোনারো ফেসবুক লাইভে বলেন, 'যারা এখানে অর্থ পাঠায়, তারা দাতব্য কাজের বাইরে পাঠায় না...আমাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের লক্ষ্যেই তারা তা পাঠায়।'

তবে তিনি এর আগে বলেন, এ আগুনকে নিয়ন্ত্রণের ক্ষমতা ব্রাজিলের একার নেই।

নিজ বাসবভনে তিনি বলেন, আমাজন ইউরোপের চেয়েও বড়, আপনি সেখানকার অপরাধমূলক অগ্নিকাণ্ডের বিরুদ্ধে কীভাবে লড়াই করবেন?

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে আমাজনে রেকর্ডসংখ্যক দাবানল হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এবার ৮৩ শতাংশ বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে।

জানুয়ারিতে ক্ষমতায় আসা ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট ইতিমধ্যে বেশ কয়েকবার বলেছেন যে, ব্যবসায়িক স্বার্থে ব্রাজিলের উচিত আমাজনকে উন্মুক্ত করে দেওয়া। যাতে খনন, কৃষি ও কাঠ ব্যবসায়ীরা এর সম্পদকে কাজে লাগাতে পারে।

বুধবার জায়ার বোলসোনারো দাবি করেছিলেন, যেসব বেসরকারি সংগঠনের (এনজিও) তহবিল বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আমাজনে আগুন দিচ্ছে। তবে এ কথার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।