ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কে স্থানীয়ভাবে নির্মিত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। গত বৃহস্পতিবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটির উন্মোচন করেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত বছর বিশ্বশক্তিগুলোর সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বাভার-৩৭৩ নামের নতুন ব্যবস্থাটি প্রদর্শন করা হয়। ইরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, বাভার (ফার্সিতে যার অর্থ বিশ্বাস) দেশটির প্রথম নিজস্ব প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ২০১০ সালে ইরানের কাছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করেনি রাশিয়া। এরপর ইরান নিজস্ব ব্যবস্থা নির্মাণ শুরু করে। নতুন ব্যবস্থাটির উন্মোচন অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, তাদের ভূমি থেকে আকাশ ব্যবস্থাটি এস-৩০০-এর চেয়ে ভালো এবং এস-৪০০-এর কাছাকাছি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে জানানো হয়, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির সীমা ২০০ কিলোমিটারের বেশি।