বাংলাদেশের সমার্থক শব্দ বঙ্গবন্ধু : জব্বার

ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, ‘বাংলাদেশ শব্দের সমার্থক শব্দ বঙ্গবন্ধু, বাংলাদেশ নামের সমার্থক শব্দ শেখ হাসিনা। এই দুটি নাম একসঙ্গে মিলে গেছে। এই দুইয়ের মিলিত স্রোতধারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে।’

গতকাল শুক্রবার রাজধানীর বিটিআরসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন,  আজকের ডিজিটাল বাংলাদেশের রূপান্তরের জন্য যে পদক্ষেপ গ্রহণের দরকার, তার ভিত্তি বঙ্গবন্ধু রচনা করে গেছেন। যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও বঙ্গবন্ধু দেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। আন্তর্জাতিক কানেকটিভিটির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বৈশ্বিক টেলিকম সংস্থা আইটিইউর সদস্যপদ অর্জন এবং বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা বিরোধিতা করেছে, যারা ১৫ আগস্টের নৃশংস ঘটনা ঘটিয়েছে,  তারাই আবার ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। এই অপশক্তি দেশের ভেতরে ও বাইরে থেকে বাংলাদেশকে মৌলবাদী, সাম্প্রদায়িক ও নৈরাজ্য সৃষ্টিকারী অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তিনি হুঁশিয়ার করে বলেন, বাংলাদেশ রাষ্ট্রের এই শত্রুদের আর বাড়তে দেওয়া যাবে না।

শোক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস।