‘দেশে মেধাবী থাকতেও বিদেশ থেকে লোক আনা হয়’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রধান উপদেষ্টা ড. ফরাস উদ্দিন বলেছেন, ‘আমাদের দেশে হাজার হাজার গ্র্যাজুয়েট থাকলেও দেশের বাইরে থেকে লোক এনে চাকরি দেওয়া হয়। বিদেশে চলে যায় পাঁচ বিলিয়ন ডলার। এর কারণ  আমাদের দেশের করপোরেট সেক্টর ও শিক্ষাপ্রতিষ্ঠান একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। আমরা এ ধরনের পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারিনি।’

গতকাল শুক্রবার দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত উচ্চশিক্ষার মান অর্জন সম্পর্কিত দুই দিনব্যাপী প্রথম সিইটিএল সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ধানম-িতে ইউল্যাবের প্রধান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের তরুণ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে মন্তব্য করে ড. ফরাস উদ্দিন বলেন, ‘দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণদের সংখ্যা পাঁচ কোটি। বিশ্বের মাত্র ২৫টি দেশে এই সংখ্যক জনসংখ্যা রয়েছে। তাই আমাদের সুযোগ আছে তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে জনসম্পদে রূপান্তরিত করার। উচ্চশিক্ষা সর্বজনীন হওয়া উচিত নয়, এটি নির্দিষ্ট কিছু মানুষের জন্যই হওয়া উচিত।’

প্রধান অতিথির বক্তব্যের শেষে তার হাতে সম্মাননা তুলে দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি ৫০ জন শিক্ষক ও গবেষক অংশ নিয়েছেন। তারা তাদের গবেষণা নিবন্ধ সম্মেলনে উপস্থাপন করেন। এই সম্মেলনে তিনটি একাডেমিক সেশন, দুটি প্ল্যানারি সেশন ও একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান আহমেদ, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।