রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কিচ্ছু করতে পারেনি। এতদিন হয়ে গেল এখন পর্যন্ত সরকার একজনকেও ফেরত পাঠাতে পারল না। এই ব্যর্থতা তো চরম ব্যর্থতা।’ গতকাল শুক্রবার দুপুরে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন রোহিঙ্গাদের অনাগ্রহকে ‘দুঃখজনক’ বলে যে মন্তব্য করেছেন সে বিষয়ে রিজভী বলেন, ‘একজনকেও আপনারা প্রত্যাবাসন করতে পারেননি। তারপর আবার ধমক দেন পররাষ্ট্রমন্ত্রী, বাহ! এতদিন ধরে... আপনাদের নাকি এত বন্ধু আছে, তারা কেউ কিছু করতে পারল না আপনাদের জন্য। অথচ এই যে এতগুলো মানুষের চাপ বাংলাদেশের সহ্য করতে হচ্ছে।’
তিনি বলেন, সরকার কেবল কূটনৈতিকভাবে নয়, দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা সামাল দিতেও ব্যর্থ হয়েছে। এই সরকারের পতন ত্বরান্বিত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই এই দেশের মানুষ মুক্তভাবে কথা বলার সুযোগ পাবে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিছিল ও সমাবেশ হয়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন রিজভী। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।