চলতি প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ ডে-তে ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি খেলেছে। দ্বিতীয় ম্যাচ ডে-তে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার লড়েছে। আর তৃতীয় ম্যাচ ডে-তে লিভারপুল-আর্সেনালের যুদ্ধ আজ।
এবারের ইংলিশ লিগ যেন শুরু থেকেই রোমাঞ্চে ঠাসা ম্যাচ উপহার দিচ্ছে। শুরুতেই তালিকার শীর্ষে ওঠার লড়াই। নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে লিভারপুল আজ সে লড়াইয়ে নামছে। আর অন্য ম্যাচে নরউইচ সিটির মাঠে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চাপে থাকবেন চেলসিকে প্রথম জয় এনে দেওয়ার চ্যালেঞ্জে। অন্য বড় দলের মধ্যে ম্যান ইউনাইটেড ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে দ্বিতীয় জয়ের খোঁজে নামবে।
বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের মাত্র তৃতীয় দিন। এর মধ্যেই ২০ দলের ১৮টির অজেয় থাকায় যতি পড়েছে। শুধু লিভারপুল ও আর্সেনাল দুই দলের কোনোটি হারেনি এখনও। ২ ম্যাচের দুটিতে জিতে সমান ৬ পয়েন্ট নিয়ে তালিকার এক ও দুই নম্বরে তারা। লিভারপুল গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে। অবশ্য এক দলের প্রথম হার হতে যাচ্ছে আজ। এমন কিছু না হলে ড্র-তে দুই দলের টানা জয়ের দৌড় থামবে। হার-জিতের প্রশ্নে উত্তর লন্ডনের আর্সেনালের বিপক্ষে লিভাপুলের রেকর্ড কিন্তু দারুণ। ইয়ুর্গেন ক্লপের অধীনে গত সাতবারের দেখায় গানারসদের কাছে কোনোবারই হারেনি অলরেডরা। এর মধ্যে গত দুই মৌসুমে ৪-০ ও ৫-১ গোলে জয়ের সুখস্মৃতিও আছে। সেই সঙ্গে অবিশ্বাস্য ফর্মে থাকা লিভারপুল আক্রমণত্রয়ী আর্সেনালের বড় চিন্তার কারণ। এর জবাবে আর্সেনালের আক্রমণেও অস্ত্র আছে। পিয়েরে এমেরিক অবামেয়াং গতবার সাদিও মানে ও মোহামেদ সালাহর সঙ্গে সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার ভাগাভাগি করেছেন। এবার দলের দুই জয়েই গোল পেয়েছেন। তৃতীয় ম্যাচেও ধারাবাহিকতা দেখাতে পারবেন তো!