ফেইসবুকে কুৎসা রটনার অভিযোগে একজন গ্রেপ্তার

ফেইসবুকে কুৎসা রটনার অভিযোগে শাহীন রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকার নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা থানা পুলিশের একটি দল। পরে বিকেলে খুলনা থানায় হাজির করা হয়। শাহীন নগরীর বাগমারা মেইন রোডের আবদুর রহমান চৌধুরীর ছেলে।
খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান দেশ রূপান্তরকে জানান, শাহীন দীর্ঘদিন ধরে রাজনীতিক ও সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের বিরুদ্ধে ফেইসবুকে কুৎসা রটনা করে আসছিলেন। সর্বশেষ খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের বিরুদ্ধে অপপ্রচার চালান। এ ঘটনায় গত ৮ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সাংবাদিক হাবিব। ওই মামলায় শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা রয়েছে আদালতে।
শাহীন রহমান নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে থাকেন বলেও জানান পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান।