ইশান্ত আগুনে পুড়ছে উইন্ডিজ

আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছেন। দীর্ঘ এই বিরতিতে ইশান্ত শর্মার বোলিংয়ের ধার এতটুকু কমেনি। বরং বেড়েছে। তার আগুনে বোলিং অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে পথহারা ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ১৮৯। অধিনায়ক জেসন হোল্ডার ১০ ও মিগুয়েল কামিন্স ২ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ভারত থেকে এখনো ১০৮ রানে পিছিয়ে আছে আছে তারা।

উইন্ডিজ ইনিংসের প্রধান ঘাতক ইশান্ত শর্মা। ৪২ রান খরচায় পাঁচটি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। টেস্ট ক্রিকেটে এই নিয়ে নবমবারের মতো ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নিয়েছেন নিলেন তিনি।

ইশান্তের কারণে দুই রানের জন্য অর্ধশতক পূর্ণ করতে পারেননি উইন্ডিজ ব্যাটসম্যান রোস্টন চেইজ। কট অ্যান্ড বোল্ড করে ফিরিয়েছেন বড় ইনিংস খেলার পথে এগিয়ে যেতে থাকা শিমরন হেটমায়ারকে (৩৫)। তার অন্য তিন শিকার ক্রেইগ ব্র্যাথওয়েট (১৪), শাই হোপ (২৪) ও কেমার রোচ (০)।

ভারতের অন্য বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

এর আগে প্রথম ইনিংসে ২৯৭ থামে ভারতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেছেন পাঁচ নম্বরে ব্যাট করতে নামা অজিঙ্কা রাহানে। ৫৮ রান করেন জাদেজা।

উইন্ডিজ বোলারদের মধ্যে কেমার রোচ সর্বোচ্চ চারটি উইকেট নেন। তিন উইকেট নেন শ্যানন গাব্রিয়েল, দুই উইকেট নেন রোস্টন চেইজ।