বিয়ের কথা বলে ডেকে নিয়ে ‘প্রেমিকাকে’ ধর্ষণ কিশোরের

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বাড়িতে নিয়ে কিশোরীকে (১২) তার কিশোর প্রেমিক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ওই কিশোরীকে মুমূর্ষু অবস্থায় আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ইমনকে (১৫) আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তিনি একই উপজেলার মৈশার গ্রামের কালাম মিয়ার ছেলে।

কিশোরীর পরিবার জানিয়েছে, গত বুধবার রাত ৮টার দিকে দুর্গাপুর ইউনিয়নে ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক ইমন বগৈর গ্রামের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। টানা দুইদিন ধর্ষণের পর শুক্রবার সকালে মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে রিকশায় তুলে দেয় ইমন। পরে দুপুরে তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে গত শুক্রবার রাতে কিশোরীর মা বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দেওয়া হয়েছে। কিশোর ইমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।