নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার খবর শুনে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভারতীয় ক্রিকেটার শান্তকুমারান শ্রীসান্থ। এর মধ্যেই দুঃসংবাদ শুনলেন তিনি। শুক্রবার মাঝরাতে এই পেসারের বাড়িতে আচমকাই ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশার খবর হচ্ছে, এই একে কেউ হতাহত হয়নি।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার রান দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ছিলেন না শ্রীসান্থ। শুটিংয়ের কাজে মুম্বাই গিয়েছিলেন। তবে বাড়ির ভেতরেই ছিল তার স্ত্রী, সন্তান ও কাজের লোক। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাচের দরজা ভেঙে বাসিন্দাদের উদ্ধার করার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
শ্রীসান্থ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তার বাড়ির ড্রয়িং রুমে। তার স্ত্রী ও বাচ্চারা তখন অন্য ফ্লোরে ছিলেন। শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা এখন বাড়ির বাইরে রয়েছেন। শ্রীসান্থের ফেরার জন্য অপেক্ষা করছেন তারা।
উল্লেখ্য,আইপিএলে স্পট ফিক্সিংয়ের কারণে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে যাচ্ছেন শ্রীসান্থ। ২০২০ সালের সেপ্টেম্বরে কেরালার এই ডানহাতি পেসারের ওপর থেকে ফিক্সিং কাণ্ডের নির্বাসন তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ন্যায়পাল ডিকে জৈন।
২০১৩ সালের আগস্টে আইপিএলে ফিক্সিং কাণ্ডে শ্রীসান্থসহ রাজস্থান রয়্যালসের অজিত চান্দিলা ও অঙ্কিত চাভানকে আজীবন নিষিদ্ধ করেছিল বিসিসিআই। শ্রীসান্থের ক্ষেত্রে নিষেধাজ্ঞা সাত বছরে নিয়ে আসা হয়েছে। এরই মধ্যে ক্রিকেট থেকে ছয় বছরের নিষেধাজ্ঞা জীবন কাটিয়ে ফেলেছেন তিনি।
নির্বাসনে যাওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭টি টেস্ট, ৫৩টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শ্রীসান্থ। সব মিলিয়ে উইকেট নিয়েছিলেন ১৬৯টি। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শ্রীসান্থ।