দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন মিম

‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম এখন ব্যস্ত সময় পার করছেন সিনেমা নিয়ে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবি দিয়ে সিনেমায় পা রাখলেও পরে থিতু হয়েছিলেন নাটকে। বেশ কয়েক বছর ধরে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি মিম চুক্তিবদ্ধ হয়েছেন রায়হান রাফি পরিচালিত ‘পরান’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে মিম অভিনীত ‘সাপলুডু’।

এদিকে বিদ্যা সিনহা সাহা মিম আজ হাজির হবেন ভক্তদের সামনে। শুধু তাই নয়, অনলাইনে ভক্তদের সঙ্গে আড্ডাও দেবেন তিনি। দর্শকেরা তার সঙ্গে মুঠোফোনে প্রশ্ন করার মাধ্যমে আড্ডা দেয়ার সুযোগ পাবেন।

২৪ আগস্ট রাত ৮টায় যেকোনো রবি ও এয়ারটেল নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এ অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে। ‘স্টার জোন’ নামের এই আয়োজনটি করছে লাইভ এন্টারটেইনমেন্ট।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় মিম বলেন, ‘দর্শক-ভক্তদের সঙ্গে গল্প করার জন্য লাইভ এন্টারটেইনমেন্ট আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি স্টার জোন সার্ভিসে। আমার দর্শক ও ভক্তদের সঙ্গে আড্ডা দেব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’