‘মিস্টার ওয়ার্ল্ড’ হলেন যুক্তরাজ্যের জ্যাক, আক্ষেপ ফাহিমের

‘মিস্টার ওয়ার্ল্ড’-২০১৯ নির্বাচিত হলেন যুক্তরাজ্যের তরুণ জ্যাক হেসেলউড। বাংলাদেশের প্রতিযোগী মাহাদী হাসান ফাহিম ছিলেন সেরা ত্রিশে।

শুক্রবার, ২৩ আগস্ট বাংলাদেশ সময় বিকেল ৫টায়  ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। মার্ক হেসেলউড গ্রুপ পর্যায়ের মডেল বিভাগে সেরা পাঁচজনের একজন হয়েছিলেন।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ফেজিল এমখাইস প্রথম রানারআপ ও মেক্সিকোর আর্তুরো গনজালেজ দ্বিতীয় রানারআপ হন।

এদিকে প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের ফাহিম আক্ষেপ প্রকাশ করে নিজের ফেসবুক টাইমলাইনে বলেন, ‘সরি বাংলাদেশ।’ শুধু তাই নয়, তাকে ভোট না দেওয়ার জন্যও আক্ষেপ করে আরেকটি স্ট্যাটাস দেন ফাহিম।

২২ আগস্ট তার পোস্টে আক্ষেপ করে বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে ৮ কোটি স্মার্ট ফোন ব্যবহারকারী। কিন্তু আমি দশ হাজার মানুষ পেলাম না, আমায় সাপোর্ট করার জন্য!’

উল্লেখ্য, মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিল বাংলাদেশ। দেশে এই আয়োজনের দায়িত্বে ছিল অন্তর শোবিজ। গত ২ আগস্ট মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হয় ফাহিমের নাম।