আদালতের গাড়িচালক বাবার ছেলে এখন বিচারপতি

বাবা মধ্যপ্রদেশের ইন্দোর জেলা আদালতের গাড়ি চালক। মেধার স্বাক্ষর দেখিয়ে তার ছেলে হয়ে গেলেন বিচারপতি।

এনডিটিভি জানায়,  বিচারপতি হতে যাওয়া চেতন বাজাদের বাবা গোবর্ধনলাল বাজাদ আদালতের গাড়ি চালক হিসেবে চাকরি করেন।

সদ্য সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করে বিচারপতির আসনে বসতে যাচ্ছেন  ছেলে চেতন। পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন বাবা গোবর্ধনলাল বাজাদকে।

চেতনের ভাষ্য, বাবার কাজই তাকে এই পথে আসতে অনুপ্রাণিত করেছে।

চেতন বলেন, “আমি সবসময় বিচারক হওয়ারই স্বপ্ন দেখতাম। সমাজ থেকে অন্যায় দূর করতে এই পথে আসা। এর জন্য প্রতিদিন ১২ থেকে ১৩ ঘণ্টা পড়াশুনা করতাম। প্রতিদিন সকাল ৮টায় লাইব্রেরি যেতাম। ফিরতাম রাত ৯-১০টায়। ফিরে দেখতাম, সবাই রাতের খাবার নিয়ে আমার অপেক্ষায় বসে।”

এইদিকে ছেলের এমন কৃতিত্বে খুশি তার বাবা-মা। পুরো জেলাতে এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে।