নিরাপদ সড়ক চাই এর পর্যবেক্ষণ

ঈদুল আজহার ছুটিতে সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত

ঈদুল আজহার ছুটির নয় দিনে সারা দেশে মোট ১৩৫ টি সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৫৫ জন।

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পর্যবেক্ষণ তুলে ধরে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নিসচার সাধারণ সম্পাদক লিটন এরশাদ জানান, গত ১০ আগস্ট থেকে ১৮ আগস্ট এই নয় দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়- এ বছর ঈদুল ফিতরে দুর্ঘটনার সংখ্যা ছিল ১২৭টি। সেসময় নিহত হন ১৮৪ জন এবং আহত হন ৩৩২জন।

লিটন এরশাদ জানান, নিসচার ১২০টি শাখা সংগঠনের নেতাকর্মীদের দেওয়া তথ্যের পাশাপাশি বিভিন্ন পত্রিকা, পত্রিকার অনলাইন সংস্করণ, স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।  

সংস্থাটির পর্যবেক্ষণে আরও দেখা যায়- এ বছর ঈদুল ফিতরে সড়কপথে ঈদযাত্রার তুলনায় ঈদুল আজহার ঈদযাত্রা ভোগান্তিতে পরিণত হয়। বিশেষ করে উত্তরবঙ্গে ঈদযাত্রার মানুষদের বেশ ভোগান্তিতে পড়তে হয় বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।