সবার জন্য কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। সকলের মাথাপিছু আয় বেড়েছে। সবার জন্য কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে দ্রুতই দেশ দরিদ্রমুক্ত হবে।

পররাষ্ট্রমন্ত্রী শনিবার সিলেটের ১৪টি উপজেলার ২৬৮ জনকে ১ কোটি ৩৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানকালে এ কথা বলেন। সহায়তাপ্রাপ্তরা ক্যানসার, কিডনি, লিভারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। তিনি অচিরেই সিলেটকে ভিক্ষুকমুক্ত করারও প্রত্যয় ব্যক্ত করেন।

সিলেট নগরীর কবি নজরুল মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে ড. মোমেন আরও বলেন, সরকার অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সন্দীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন, ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন সেলিম, বিজিত চৌধুরী প্রমুখ।

পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সিলেট জেলা স্টেডিয়ামের উন্নয়নকাজ পরিদর্শন করেন। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে ৫তলা বিশিষ্ট ভিআইপি ভবন, গ্যালারি ও দৃষ্টিনন্দন প্রবেশ গেট নির্মাণ করা হচ্ছে।