পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে লাল মিয়া (৪০) নামে এক দিনমজুর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেছেন।
শনিবার ভোরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া দেশ রূপান্তরকে বলেন, দিনমজুর লালমিয়ার পিঠ, পেট ও গলায় ছুরিকাঘাতের তিনটি ক্ষত রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতের স্বজনরা জানান, তার বাড়ি মাদারীপুর কালকিনি উপজেলায়। তিনি থাকেন সোয়ারীঘাটের কামালবাগ এলাকায়। সেখান থেকে সদরঘাটের মালামাল পরিবহনের কাজ করেন। একই উদ্দেশ্যে শনিবার ভোরে তিনি সদরঘাট যাচ্ছিলেন। পথে সোয়ারীঘাট মদিনা ট্যাংক গোডাউনের গলিতে ধারালো অন্ত্র নিয়ে ছিনতাইকারীরা তার পথরোধ করে। তারা টাকা বের করে দিতে বলে।
তারা জানান, লালমিয়া নিজেকে কুলি হিসেবে পরিচয় দেন। তার কাছে কোনো টাকা নেই বলে জানান। এরপরই তারা ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করতে থাকে। অপর ছিনতাইকারী তার পকেট হাতড়ে মোবাইল ফোন বের করে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতর ভাই ফজলুল হক বলেন, আমার ভাই দিনমজুর হিসেবে কাজ করেন। যেখানে যে কাজ পান তা-ই করেন। ছিনতাইকারীরা যখন তাকে ধরেছিলেন, তখন তার কাছে কোনো টাকাপয়সা ছিল না।
বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয় নয় বলেও জানান তিনি।