রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

হেডিংলি টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে। রান তাড়ার ইতিহাস। অ্যাশেজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৩৩২। অস্ট্রেলিয়া চলতি টেস্টে স্বাগতিকদের ৩৫৯ রানের জয়ের লক্ষ্য দিয়েছে। জয়ের লক্ষ্যে নেমে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৫৬ রান। জো রুট ৭৫ ও বেন স্টোকস ২ রানে অপরাজিত ছিলেন। জো ডেনলি করেন ৫০ রান।

ইংল্যান্ডকে এমন বিপদে ঠেলে দিয়েছে তাদেরই প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার ১৭৯ রানের জবাবে মাত্র ৬৭ রানে অলআউট হয়ে আগেই এই টেস্ট হেরে বসে আছে তারা। তবুও অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, মার্নাস লাবুশেনদের কৃতিত্ব আড়াল করা যাবে না। অজিদের জয়ের সুবাস এনে দিতে তাদের দুজনেরও সমান ভাগ আছে। প্রথম ইনিংসে ১১২ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২৪৬ রান যোগ করে ইংল্যান্ডের প্রায় অসম্ভব টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। আগের তিন ইনিংসের মতো ২৪৬ রানের ইনিংসেও অজিদের কারিগর লাবুশেন। স্টিভেন স্মিথের বদলি হিসেবে নেমে অসম্ভব ভালো খেলছেন এই তরুণ। জোফরা আর্চারের ভয়ংকর বাউন্সার দুবার তার হেলমেটে লাগলেও মনে ফাটল ধরেনি। বরং সাহস বেড়েছে তার। তাতে এবার ১৮৭ বলে ৮০ রানের ইনিংস। এ নিয়ে টানা তিন ইনিংসে হাফসেঞ্চুরি ছাড়ানো স্কোর করলেন লাবুশেন।

টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি অ্যাশেজেই। সেই ১৯২৮-২৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে ওই রান তোলে তারা ৭ উইকেট হারিয়ে। টেস্ট ক্রিকেটে সফল রান তাড়ার ইতিহাসে এটি ১৬তম। অ্যাশেজে সর্বোচ্চ রান তাড়ায় যা দ্বিতীয়। প্রথমটি হয়েছিল ১৯৪৮ সালে। চলতি টেস্টের ভেন্যু হেডিংলিতেই ইংল্যান্ডের দেওয়া ৪০৪ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে তুলে ফেলে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে যা রান তাড়ার ইতিহাসে তৃতীয়।