কেসিসি মেয়রের গাড়ির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়রের গাড়ির সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মেয়র তালুকদার আবদুল খালেকের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় প্রাইভেট কারসহ চালককে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আটক প্রাইভেট কারচালক বাবু শেখের বাড়ি রূপসা উপজেলার কিসমত খুলনা গ্রামে।

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, আড়ংঘাটা বাইপাস সড়কের মোড়ে খুলনা সিটি মেয়রের গাড়ির সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। মেয়রের গাড়িটি ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকায় ও প্রাইভেট কারটি একজন যাত্রী নিয়ে যশোর বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল।