পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। সবার মাথাপিছু আয় বেড়েছে। সবার জন্য কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে দ্রুতই দেশ দারিদ্র্যমুক্ত হবে। অচিরেই সিলেটকে ভিক্ষুকমুক্ত করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গতকাল শনিবার সিলেটে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রোগাক্রান্ত ব্যক্তিদের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
নগরীর কবি নজরুল মিলনায়তনে জেলার ১৪টি উপজেলার ২৬৮ জনের হাতে ১ কোটি ৩৪ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সহায়তাপ্রাপ্তরা ক্যানসার, কিডনি ও লিভারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত।
অনুষ্ঠানে ড. মোমেন আরও বলেন, ‘সরকার অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সন্দীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন, ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন সেলিম, বিজিত চৌধুরী প্রমুখ।
পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামের উন্নয়নকাজ পরিদর্শন করেন। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এ স্টেডিয়ামে পাঁচতলা ভিআইপি ভবন, গ্যালারি ও দৃষ্টিনন্দন প্রবেশপথ নির্মিত হচ্ছে।