নাট্যশালায় খনা, মহিলা সমিতিতে রক্তকরবী মঞ্চস্থ

রাজধানীর নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় বটতলার নাটক ‘খনা’। সামিনা লুৎফা নিত্রার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী, সুর ও সংগীত পরিকল্পনা করেছেন ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল। অন্যদিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে একই সময়ে মঞ্চায়িত হয় প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘রক্তকরবী’। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে পাঁচ স্কুলের প্রতিযোগিতা আজ শুরু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আজ রবিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধুবিষয়ক গ্রন্থের প্রদর্শনী ও বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ থেকে পাঠ ও প্রতিযোগিতা। ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। গতকাল গ্রন্থকেন্দ্রের সেমিনার কক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর বলেন, আমরা যাদের দেশের ভবিষ্যৎ বলি, সেই কিশোর-তরুণরা বিপজ্জনকভাবে বইবিমুখ হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে পাঠ্যবই ছাড়াও সৃজনশীল ও মননশীল বই পড়ার প্রতি তরুণদের উৎসাহ দিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রন্থকেন্দ্রের উপ-পরিচালক সুহিতা সুলতানা, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এবং বাংলাদেশ প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি শ্যামল পাল।

‘বঙ্গবন্ধুর জয়যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জাতীয় শোক দিবস উপলক্ষে ইতিহাস সম্মিলনী আয়োজিত একক বক্তৃতাগুলো নিয়ে ‘বঙ্গবন্ধুর জয়যাত্রা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। বইটি সম্পাদনা করেছেন মুনতাসীর মামুন ও তপন পালিত। গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও তার বাস্তবায়ন’ শীর্ষক একক বক্তৃতা ও প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে একক বক্তৃতা উপস্থাপন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন লোক গবেষক শামসুজ্জামান খান ও শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। সভাপতিত্ব করেন ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন।