দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র্যালি সফল করতে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ ছাড়া ডেঙ্গুজ্বরের বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ইউনিটের নেতারা। গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে র্যালিসহ অন্যান্য কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করেছেন মহানগর নেতারা। এ ছাড়া সভায় নেতারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। অবিলম্বে গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়। সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সহসভাপতি শামসুল হুদা, ইউনুস মৃধা, নবী উল্যাহ নবী, মীর হোসেন মিরু, মো. ফরিদউদ্দিন, মোহাম্মদ মোহন প্রমুখ।