নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে অলির নির্দেশ

আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না মন্তব্য করে দলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন রাজনৈতিক মঞ্চ জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে না। তারা নিজেরা নিজেরাই পড়ে যাবে। এ অবস্থায় দলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক  যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।

অলি আহমদ বলেন, নিজের কর্মকান্ডের কারণেই এই সরকারের পতন হবে, পতন যখন হবে নতুন সরকার গঠিত হবে। নতুন সরকারের মাধ্যমেই নির্বাচন হবে। এলডিপির সদস্যরা যারা আছেন তাদের দলের চেয়ারম্যান হিসেবে নির্দেশ দিচ্ছি আপনারা প্রস্তুতি নিন, নির্বাচনী এলাকা প্রস্তুত করুন।  দেশবাসীকেও বলব আপনারাও প্রস্তুত হোন।