মাদারীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মাদারীপুরে শহরের নির্মাণাধীন ভবনের ৪ তলার ছাদ থেকে পড়ে মনির শেখ (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে শহরের পাঠককান্দি এলাকায় ফয়সাল খালাসীর নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পাঠককান্দি এলাকায় ফয়সাল খালাসীর নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন মনিরসহ কয়েকজন শ্রমিক। অসাবধানবশত মনির ভবনের ৪ তলার ছাদ থেকে পড়ে যায়।

এতে গুরুতর আহত হলে অন্য শ্রমিকরা মনিরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। নিহত মনির সদর উপজেলার টুবিয়া এলাকার শামসু শেখের ছেলে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মাহাবুব আবির জানান, মাথায় বড় ধরনের আঘাত লাগার কারণে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।