বড় হারেও গোল করতে পারার তৃপ্তি মেয়েদের

প্রথম তিন ম্যাচে ১৫ গোল হজম। বিপরীতে ভারতের সাই একাডেমির মেয়েদের বিপক্ষে একটি গোলও আদায় করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের মেয়েরা। অবশেষে চতুর্থ প্রস্তুতি ম্যাচে এসে পেল গোলের দেখা। প্রতিপক্ষের জালে বল পাঠাল তিন বার। যদিও শেষ পর্যন্ত ম্যাচে বড় ব্যবধানেই হারতে হয়েছে লাল-সবুজের মেয়েদের।

রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাই একাডেমির বিপক্ষে ৯-৩ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিকদের জালে ৪ গোল দেয় সাই একাডেমি। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ে বাংলাদেশের মেয়েরা। সফরকারীদের জালে দেয় ৩ গোল। যদিও হজম করতে হয় আরো ৫ গোল। শেষ পর্যন্ত তাই মাঠ ছাড়তে হয় বড় ব্যবধানে।

বাংলাদেশের মেয়েদের পক্ষে প্রথম গোলটি করেছেন ফরিদা আক্তার রাত্রি। ফিল্ড গোল থেকে স্কোর করেন তিনি। এরপর নাদিরার স্টিক থেকে আসে জোড়া গোল। যার একটি ফিল্ড গোল, অন্যটি আসে পেনাল্টি কর্নার থেকে।

সেপ্টেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ মহিলা হকি টুর্নামেন্ট। হকিতে বাংলাদেশের মেয়েরা এবারই প্রথম কোনো আন্তর্জাতিক আসরে খেলবে। সেই আসর সামনে রেখেই সাই একাডেমির মেয়েদের বিপক্ষে প্রস্তুতি সিরিজ খেলছে বাংলাদেশ।

ছয় ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যা ৭টায়।