ঢাকায় আসছে ‘ইয়ান্নি অর্কেস্ট্রা’ ও ‘স্করপিয়ন্স’ ব্যান্ড

বিশ্বের এক নম্বর অর্কেস্ট্রা ইয়ান্নি মিউজিকের ভক্তদের জন্য সুখবর। আগামী বছরের জানুয়ারিতে ‘ইয়ান্নি মিউজিক’ আসছে বাংলাদেশ মাতাতে। শুধু তাই নয়, তাদের সঙ্গে বাংলাদেশে পা রাখবে বিশ্ববিখ্যাত আরেক গানের দল ‘স্করপিয়ন্স’।

বিশাল পরিসরে এই লাইভ কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে এসকে করপোরেশন। আয়োজকেরা জানিয়েছেন, শাহরুখ খানের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রেডফক্সের সহায়তায় স্করপিয়ন্স ব্যান্ড ও মিউজিশিয়ান ইয়ান্নিকে আনা হচ্ছে বাংলাদেশে।

সুখবর হচ্ছে, ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টটি দেখা যাবে একেবারে বিনামূল্যে। আয়োজকেরা জানিয়েছেন এই কনসার্টে বাংলাদেশি কণ্ঠশিল্পীরাও গান গাইবেন।

গ্রিকের তুমুল জনপ্রিয় মিউজিশিয়ান ইয়ান্নিস ক্রিসোম্যালিস ‘ইয়ান্নি মিউজিক’ পরিচালনা করেন। তিনি বিশ্বের অন্যতম সেরা মিউজিক কম্পোজার ইয়ান্নি হিসেবেই পরিচিত। বেহালা, বাঁশি, পিয়ানো, গিটার, কী বোর্ডসহ নানা রকম বাদ্যের তালে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখতে জুড়ি নেই তার দলের।

অপরদিকে জার্মানের বিখ্যাত গানের দল ‘স্করপিয়ন্স’। মূলত হার্ড রক ধারার ব্যান্ড এটি। ষাট দশকের শেষদিকে তাদের যাত্রা শুরু হয়। নানামাত্রিক ও অনুভূতির গান দিয়ে দলটি বিশ্ব মাতিয়ে চলেছে। তাদের বহুল জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘উইন্ড অব চেঞ্জ’। তাদের ‍উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে লনসাম ক্রো, ব্ল্যাকআউট, লাভ এট ফার্স্ট স্টিং, স্যাভেজ অ্যামিউজম্যান্ট, ক্রেজি ওয়ার্ল্ড’র মতো বিখ্যাত অ্যালবাম। গত ৫০ বছর ধরে বিশ্বকে মাতিয়ে রাখা এই ব্যান্ড দলটি প্রায় ২০-২৫ জনের মতো সদস্যকে সঙ্গী হিসেবে পেয়েছে। দলটিতে বর্তমানে সদস্য হিসেবে আছেন ৫ জন। তারা হলে রুডলফ শেঙ্কার, ক্লাউস মেইনে, ম্যাথিয়াস জেবস, পাওয়েল ম্যাসিয়ওদা, মিকি ডে।