সেনানিবাসের পুরাতন লগ এরিয়া ভবনে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন

মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের ইতিহাস আরও ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসের পুরাতন লগ এরিয়া ভবনে ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া কার্যালয়ে স্থাপন করা হয়েছে ‘মুক্তিযুদ্ধ কর্নার’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এফসি (আর্মি) লগ এরিয়া কার্যালয় গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্নার স্থাপন করা হয়। গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন উপলক্ষে গতকাল সিনিয়র এফসি (আর্মি) কার্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কন্ট্রোলার জেনারেল (ডিফেন্স ফাইন্যান্স) মোহাম্মদ ইকবাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) মনোয়ারা হাবীব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও প্রতিরক্ষা অর্থ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এতে যোগ দেন।

ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের উদ্দেশ্য ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা মুক্তিযুদ্ধ কর্নার ঘুরে দেখেন। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধকালীন ঘটনাপঞ্জিকে উপজীব্য করে কক্ষটির বিভিন্ন দেয়াল সাজানো হয়েছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে নান্দনিকভাবে উপস্থাপনার জন্য উপস্থিত অতিথিরা এর প্রশংসা করেন।