রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল মিয়া (২২), মো. আবু সাঈদ (২০), মো. মাসুদ (১৯) ও মো. ইমরান হোসেন (২১)। তাদের কাছ থেকে ৩টি চাপাতি, ১টি চাকু এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিনা রানি দাস দেশ রূপান্তরকে বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারি মালিবাগ চৌধুরীপাড়া মা-মণি অটো ওয়ার্কস এর সামনে কিছু ছিনতাইকারী অবস্থান করছে। দুপুর ২টার দিকে সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাত্রিকালীন রাস্তায় চলাচলরত যাত্রী এবং জনসাধারণকে সুবিধাজনক স্থানে সুযোগ বুঝে গতিরোধ করে অস্ত্র দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। তারা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে খিলগাঁও এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে।