বিশ্বাস করতে পারছি না কী করেছি : স্টোকস

যা করার একাই করেছেন বেন স্টোকস। ১৩৫ রানের হার না মানা মহাকাব্যিক ইনিংস খেলেছেন। শেষ উইকেটে জ্যাক লিচকে নিয়ে ৭৬ রান তুলেছেন। লিচের অবদান মাত্র ১ রান। বাকি রান স্টোকসের। দলকে অ্যাশেজ সিরিজে সমতায় ফেরানোর জন্য এর চেয়ে অবিশ্বাস্য কিছু বোধ হয় করা সম্ভব ছিল না তার পক্ষে।

হেডিংলিতে যা করেছেন তা কতটা অবিশ্বাস্য তা নিজেই বলেছেন স্টোকস, ‘ফলাফল কী হবে না ভেবে শেষ পর্যন্ত ক্রিজে থাকার চেষ্টা করেছি। এখনো বিশ্বাস করতে পারছি না আমি কী করেছি!’ টেল এন্ড নিয়ে দলকে জেতানোর পর বলেন, ‘লিচ যখন উইকেটে এলো তখন জানতাম কী করতে হবে। লিচ এর আগেও করেছে এটা, নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ৯২ রানের ইনিংস আছে ওর। তাই আমি ওকে সাহস দিয়েছি। শেষ দিকে তো আমি ওর দিকে তাকাতেই পারছিলাম না।’ শেষে লিচকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্টোকস, ‘যদি রান তুলতে সারা দিনও লাগত, আমি তা করতে প্রস্তুত ছিলাম। কিন্তু লিচ নামার পর বুঝলাম, আমাকে দ্রুত শেষ করতে হবে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলগুলো লিচ খেলেছে। যেভাবে ও এটা করল সেটা অসাধারণ।’