ডেঙ্গু নিয়ে বিচার বিভাগীয় কমিটি চায় হাইকোর্ট

ডেঙ্গু প্রতিরোধে সরকারি পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে এনিয়ে বিচার বিভাগীয় কমিটি গঠনে সংশ্লিষ্ট আইনজীবীদের মতামত ও সুপারিশ চেয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর যুগ্ম-বেঞ্চ এ মতামত ও সুপারিশ চেয়েছে।

এডিস মশা নিধন ও ডেঙ্গুর বিস্তার রোধ সংক্রান্ত ঢাকার দুই সিটি করপোরেশনের দাখিলকৃত অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানিকালে হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করে।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেছে, ‘ঢাকার বাইরে মশক নিধন ওষুধ পাঠাতে আপনাদের ব্যর্থতা রয়েছে।’

এডিস মশা নিধনে ব্যর্থতা ডেঙ্গুর বিস্তার লাভ এবং এটি নিয়ন্ত্রণে ব্যর্থতায় একটি বিচারিক তদন্ত কমিটি গঠন করা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের মতামত ও সুপারিশ চেয়েছে হাইকোর্ট।

ঢাকার বাইরে মশা নিধনের ওষুধ পৌঁছেছে কিনা আর না পৌঁছে থাকলে তা কোন প্রক্রিয়ায় পৌঁছানো হবে তা হাইকোর্টকে জানাতে বলা হয়েছে।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। ঢাকা উত্তর সিটির পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। দক্ষিণ সিটির পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ রাজা।