টেনিস আইকন সানিয়া মির্জ়ার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তার বান্ধবী পরিণীতি চোপড়া। এবার একই আগ্রহ দেখালেন শ্রদ্ধা কাপুর।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শক্তি কাপুরের মেয়ে বলেন, ‘‘সানিয়া টেনিস চ্যাম্পিয়ন বলেই নয়, তার জীবনটা ভীষণ ইন্টারেস্টিং বলে মনে হয় আমার।’’
এর আগে ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধার। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি হাতছাড়া হয় তার।
শোনা যায়, টানা দু’বছর ধরে ব্যাডমিন্টনে প্রশিক্ষণ নেওয়ার পর যে লেভেলে পৌঁছনোর কথা ছিল, শ্রদ্ধা তার অর্ধেকও এগোতে পারেননি। পরে সেই চরিত্রের প্রস্তাব যায় পরিণীতি চোপড়ার কাছে।
অবশ্য সাইনার বায়োপিক হাতছাড়া নিয়ে আফসোস নেই শ্রদ্ধার। তিনি বলেন, ‘‘আমি সাধারণত জীবনে কিছু নিয়ে আক্ষেপ করি না। তবে এটুকু আশা করি, যে ভালো কাজের সুযোগ আমার হাতে আসছে, তা যেন করতে পারি। দুর্ভাগ্যবশত, সাইনার বায়োপিক শুট করার প্রথম দিনেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তার পর কাজই পিছিয়ে গেল।”
সঙ্গে যোগ করেন, “তার মাঝে রেমো ডি সুজ়া আমাকে ‘এবিসিডি থ্রি’র জন্য অফার করলেন। সেটা ছাড়তে পারিনি। ফলে সাইনার বায়োপিকটা ছাড়তেই হলো।’’
তবে সত্যিটা যা-ই হোক, শ্রদ্ধা যে সানিয়া মির্জ়ার চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন, তা স্পষ্ট। এখন দেখার বিষয়, নায়িকার আগ্রহকে কতটা গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা।