‘ব্ল্যাক প্যান্থার’ ফিরছে

সুপারহিরো ব্ল্যাক প্যান্থারের ফিরে আসার ঘোষণা দিল মার্ভেল স্টুডিও। প্রথম কিস্তির পর এবারও পরিচালক হিসেবে থাকছেন রায়ান কুগলার।

২০১৮ সালে মুক্তি পায় ‘ব্ল্যাক প্যান্থার’। ১৩৪ কোটি ডলার আয় করা সিনেমাটি অস্কারের আসরে পুরস্কারও জেতে।

শনিবার ডি২৩ এক্সপোতে মার্ভেল চিফ কেভিন ফিগে ‘ব্ল্যাক প্যান্থার’ সিক্যুয়েলের ঘোষণা দেন। জানান, পরের কিস্তি মুক্তি পাচ্ছে ২০২২ সালের ৬ মে।

নির্মাতা কুগলার জানান, ঠিকঠাক একটি গল্পের জন্য তারা যথেষ্ট সময় নিয়েছেন।

ব্ল্যাক প্যান্থার তথা টি চালা চরিত্রে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমায় প্রথমবার দেখা দেন চাডউইক বোসম্যান। তবে পরের সলো সিনেমাটি নানা কারণে গুরুত্বপূর্ণ। কারণ ওই সিনেমার বেশির ভাগ চরিত্রেই ছিলেন কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীরা। যা সুপারহিরো সিনেমায় এত দিন বিরল ঘটনা ছিল।

‘ব্ল্যাক প্যান্থার’-এ আরও অভিনয় করেন লেটিটিয়া রাইট, লুপিটা নয়ং, ফরেস্ট হুটেকার, মাইকেল ডি জর্ডান, ডানাই গুরিরা ও অ্যাঙ্গেলা বাসেট। মার্ভেলের ইতিহাসে প্রথমবারের মতো সেরা ছবির অস্কার মনোনয়নও পায়। সব মিলিয়ে সাতটি মনোনয়ন পায়, এর মধ্যে জেতে তিনটি।

ব্ল্যাক প্যান্থার চরিত্রটিকে সর্বশেষ দেখা গেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমায়। এখন দেখার বিষয় অত্যাধুনিক-প্রযুক্তি সমৃদ্ধ আফ্রিকান দেশ ওয়াকান্ডার রাজা নতুন কী গল্প নিয়ে আসে।