জি-৭ সম্মেলনে জলবায়ু নিয়ে বৈঠকে আসেননি ট্রাম্প

জি-সেভেনের শীর্ষ সম্মেলনে জীববৈচিত্র্য, জলবায়ু এবং সমুদ্র নিয়ে বৈঠকে ছিলেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সের সৈকতের শহর বিয়ারিৎজ-এ চলছে উন্নত দেশগুলোর জোটের এই শীর্ষ সম্মেলন। 

বাণিজ্য যুদ্ধ, আমাজনের অগ্নিকাণ্ড ও ইরানের পরমাণু চুক্তির পাশাপাশি এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল জলবায়ু প্রসঙ্গ।

সিএনএন জানায়, জলবায়ু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে একই সময়ে তার একটি সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প জানান, জলবায়ু নিয়ে বৈঠক এখনো শেষ হয়নি। তবে শেষপর্যন্ত বৈঠকে দেখা যায়নি তাকে। তার চেয়ার খালিই দেখা যায়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জানান, একই সময়ে দ্বিপক্ষীয় একটি বৈঠক পড়ে যাওয়ায় জলবায়ু নিয়ে আলোচনায় থাকেননি ট্রাম্প।

এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, জার্মানি এবং ভারতের নেতার সঙ্গে বৈঠকের জন্য জলবায়ু নিয়ে আলোচনায় ছিলেন না ট্রাম্প।

যদিও আলোচনায় জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপস্থিত থাকতে দেখা গেছে।