কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার জন্য আবারও প্রস্তাব দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন জানায়, ফ্রান্সে জি-৭ এর শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই প্রস্তাব দেন ট্রাম্প।
তবে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের সহযোগিতার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেন মোদি।
মোদির দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, “(ভারতের) প্রধানমন্ত্রী সত্যিই মনে করছেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে। আমি নিশ্চিতভাবে আশা করছি, তারা ভালো কিছু করতে সক্ষম হবে।”
মোদিকে জিজ্ঞাসা করা হয় তিনি ট্রাম্পের মধ্যস্থতায় আগ্রহী কীনা। ভারতের প্রধানমন্ত্রী উত্তর দেন, “এটি ভারত-পাকিস্তান দুই দেশের বিষয়। আমরা আলোচনার মাধ্যমে এর সমাধান করব।”
মোদির এমন মন্তব্যের পর ট্রাম্প তাকে জানান, এরপরেও মধ্যস্থতা করতে তিনি রাজি আছেন।
ট্রাম্প বলেন, “দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আমার ভালো সম্পর্ক আছে।”
এর আগেও কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে ভারত তা নাকচ করে দেয়।
গত সপ্তাহে ভারত-পাকিস্তান দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট
সোমবার নরেন্দ্র মোদি ও ইমরান খানকে তিনি বলেন, “কাশ্মীর নিয়ে উত্তেজনা কমাতে হবে। এই সংকটকে আরও বাড়াতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে যেতে হবে।”