আমাজনে ২০ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা ঘোষণা ম্যাক্রোঁর

দাবানলে ক্ষতিগ্রস্ত আমাজনের জন্য ২০ মিলিয়ন ডলারের জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার দেশটির সৈকত শহর বিয়ারিৎজে জি-৭ সম্মেলনে এ ঘোষণা দেন ম্যাক্রোঁ।

সিএনএন জানায়, জি-৭ এ জলবায়ু নিয়ে অধিবেশনের পর ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘোষণা দেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমাজন বনকে নিয়ে দেশগুলোকে এই জরুরি সহায়তা দেওয়া হবে।

ম্যাক্রোঁ বলেন, “দাবানলের কারণে পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত আমাজনের বিশাল অংশ ধ্বংস হতে চলেছে।” এর জন্য ফ্রান্স সামরিক সহায়তা দিতে প্রস্তুত বলে তিনি আরও জানান।

আমাজনে ফ্রান্সের অধীনে আংশিক অঞ্চল পড়ায় ম্যাক্রোঁ এই সহায়তা দিতে এগিয়ে এসেছেন বলে জানা গেছে।

সম্মেলন শুরুর কয়েক দিন আগেও আমাজনে রেকর্ড সংখ্যক এই দাবানলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি একে 'আন্তর্জাতিক সংকট' বলে উল্লেখ করেন।