‘জাতীয় পতাকা হাতে স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব’ এ প্রত্যয়ে সোমবার কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হয়েছে ‘মুজিব সমাবেশ’।
শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে উপজেলার ১২২টি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের চার হাজার শিক্ষার্থী ওই মুজিব সমাবেশে অংশ নেয়।
তারা প্রত্যেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদলে সাদা পায়জামা, পাঞ্জাবি, মুজিবকোর্ট ও কালো ফ্রেমের চশমা পড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সংগীতের তালে তালে জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে হাজার বছরের এ শ্রেষ্ঠ বাঙালিকে স্মরণ করে।
মুজিব শতবর্ষ পালনের প্রতি বিনম্র শ্রদ্ধায় চেতনায় মুজিব, ধারণায় মুজিব- এই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর আদর্শ, নৈতিকতা, মুক্তিযুদ্ধের চেতনা সদা জাগ্রত রাখতেই উপজেলা উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই সমাবেশের আয়োজন করে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত সমাবেশের উদ্বোধনী ঘোষণা করেন।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. সায়দুল্লাহ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব মো. সাখাওয়াত উল্লাহ, পৌর মেয়র এড. ফখরুল আলম আক্কাছ, জেলা পরিষদের প্যানেল-চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে নতুন প্রজন্মের বুকে লালন করতে আজকের এই মুজিব সমাবেশ।
দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে “চেতনায় মুজিব” নামে একটি যাদুঘরের উদ্বোধন করেন অতিথিরা।