জীবনের প্রতি হতাশা প্রকাশ করে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন এক যুবক। সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আত্মহননকারী মনিরুজ্জামান (২৮) যশোরের মণিরামপুর উপজেলার ঘুঘুরাইল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
মণিরামপুর থানার এসআই জহির রায়হান জানান, মৃত মনিরের ট্রাউজারের পকেটে একটি চিরকুট ছিল। ওই চিরকুটে লেখা রয়েছে- ‘চাকরি ছাড়া, জমি বিক্রি করা, চাকরির প্রথম বছরে বিয়ে না করে যৌবন হারানো, গুরুর কথা অমান্য করা, পাপী পরিচালকের কথা শোনা, পাগলামি করে টাকা খরচ করা এবং ঘরে বসে সময় নষ্ট করা এ সবই ছিল আমার ভুল সিদ্ধান্ত। আমি শুধুমাত্র হতাশার কারণে আত্মহত্যার পথ বেছে নিলাম।’
পুলিশ ও এলাকাবাসী জানায়, মনির পড়ালেখা শেষ করে একটি এনজিওতে চাকরি নেন। কিন্তু গত ৬ মাস আগে তিনি চাকরি ছেড়ে বাড়িতে এসে সংসার দেখাশোনা শুরু করেন।
কিন্তু রোববার গভীর রাতে এলাকার চাতাল মোড়ের দক্ষিণ পাশের বাগানে একটি কাঁঠালগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
সোমবার সকালে স্বজনরা তার লাশ দেখে থানায় খবর দেন। দুপুরে এসআই জহির রায়হান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
পরিবারের লোকেরা জানান, চাকরি ছেড়ে বাড়িতে এসে মানসিকভাবে ভেঙে পড়া মনির কারো সাথে মিশতেন না। সবসময় আনমনা হয়ে ঘরে বসে থাকতেন। সংসার চালাতে গিয়ে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন।
মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।