ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু এ হাসপাতালেই ডেঙ্গু রোগীতে মৃত্যুর সংখ্যা ৩৪।
সোমবার বিকেল ৪টায় হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ডেঙ্গুতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই মো. সুমন।
তিনি জানান, ১ ছেলে ১ মেয়ের জননী হেনা। স্বামী ফিরোজ আহমেদসহ থাকতেন শ্যামপুর পালপাড়া নিজ বাসায়। হেনা গৃহিণী ও স্বামী ফিরোজ মিয়া ব্যবসায়ী।
তিনি জানান, তিনদিন আগে জ্বর আসে হেনার। এরপর তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ কয়দিন তাকে সেখানেই ভর্তি রাখা হয়। অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃতদেহ সোমবার এশার নামাজের পর জুরাইন কবস্থানে দাফন করা হয়েছে।
ছোট ভাই সুমনের অভিযোগ, মুগদা হাসপাতালে তার বোন হেনার সন্তোষজনক চিকিৎসা দেওয়া হয়নি। তারা তার বোনের চিকিৎসায় অনেক অবহেলা করেছে। প্রায় সময়ই সেখানকার কাউকে ডেকেও সাড়া পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্র ডেঙ্গু জ্বরে হেনা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে হাসপাতালের পরিচালক বিষয়টি রাত ১০টার দিকেও শোনেননি বলে জানান।