বস্তিবাসীর ওপর শকুনের দৃষ্টি পড়েছে : রিজভী

রাজধানী ঢাকার বিভিন্ন বস্তিতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, মিরপুরের চলন্তিকা, আরামবাগসহ ঢাকায় একের পর এক বস্তিতে অগ্নিকা-ের ঘটনা ঘটছে। এসব বস্তিতে বসবাসকারী অসহায় বস্তিবাসীর ওপর শকুনের দৃষ্টি পড়েছে।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

গত ১৬ আগস্ট রাতে চলন্তিকা বস্তিতে অগ্নিকা-ের ঘটনায় প্রায় ৩ হাজার ঘর পুড়ে যায়। সেখানকার প্রায় ৮০টি পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন রিজভী। এ সময় তিনি বলেন, ক্ষমতাসীনদের কেউ ওই জায়গাটা দখল করতে চায়। দখলের জন্য বস্তি খালি করতেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের জায়গা খালি করার নীতি। যার শিকার হয়েছে চলন্তিকার বস্তিবাসী।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতাসীন মিডনাইট সরকার খালি করার নীতিতে দেশ চালাচ্ছে। সারা দেশ থেকে বিরোধী দল খালি করে দাও, বিএনপিকে খালি করে দাও। এজন্য তারা গুম, ক্রসফায়ার, মামলা, গ্রেপ্তার ও আটক করে  রেখে দেশ থেকে বিরোধী দল খালি করতে চায়।

আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে ততদিন এই খালি করার নীতির মধ্য দিয়ে মানুষকে বসবাস করতে হবে মন্তব্য করে তিনি বলেন, এমনকি যদি মনে করে যে কোনো বাড়িতে সুন্দরী মেয়ে আছে তাকে তুলে নিয়ে যেতে হবে, সেটা করতেও তারা দ্বিধাবোধ করে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাকের পরিচালনায় অনুদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, মো. ইয়াছিন আলী, সাজ্জাদ হোসেন, মোয়াজ্জেম হোসেন মতিন,  মো. আউয়াল, ইঞ্জিনিয়ার মজিবর রহমান, হাজী মো. তৈমুর, রেজাউল কবীর, মো. আলাউদ্দীন প্রমুখ।