‘রাজধানীর একটি হাসপাতাল ও কয়েকটি স্কুলে বোমা হামলা হবে’ হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকে ই-মেইলে এ ধরনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম এ কে এম আল-আমিন ওরফে নাহিদ (৪৪)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান জানান, ২১ আগস্ট ই-মেইল থেকে এক হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়, ২৫ আগস্ট হাসপাতালে জঙ্গি হামলা হবে। আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে মেসেজ পাঠালাম। এতে আপনার কর্মচারী জড়িত আছে। আপনি এখনই পুলিশকে জানিয়ে রাখুন। একই দিন রাতে শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকে মেইল করে তিনি বলেন, ‘স্যার, অনেক স্কুলে আগামী ২৬ আগস্ট ২০১৯ কিছু অসৎ লোক একসঙ্গে বোমা হামলা করতে পারে। আপনি এই কোমলমতি শিশুদের বাঁচান। আমি তাদের একজন। আমার বিবেক মানে নাই বলে আমি আপনাকে ই-মেইল করে জানালাম। এই ই-মেইল নম্বরটি আমার এক বড় ভাইয়ের। সে হামলা সম্পর্কে কিছু জানে না। স্যার, হয়তো তারা জানলে আমাকে মেরে ফেলবে। শিশুদের বাঁচান।’
এর পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানায় জিডি হলে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার রাতে ই-মেইলে হুমকি দাতা আল-আমিনকে গ্রেপ্তার করে। এ সময় একটি মোবাইল সেট, রাউটার, হুমকি সম্পর্কিত ই-মেইল কনটেন্ট জব্দ করা হয়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় গ্রেপ্তারকৃত হুমকিদাতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সোমবার তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠালে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।