দেশের বিরোধী দল হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে চাওয়ার কথা জানিয়ে ফের বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘জামায়াত এবং তাদের লালনকারী বিএনপি, এ ধরনের স্বাধীনতাবিরোধী শক্তি যাতে এই বাংলার মাটিতে আর বিরোধী দলে আসতে না পারে।’
গত শনিবারও এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আমরা চাই স্বাধীনতার পক্ষের বিরোধী দল। যারা কথা বলবে দেশের জন্য, কল্যাণের জন্য, সত্য ও ন্যায়ের জন্য।’
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি একই বক্তব্যের পুনরাবৃত্তি করলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী আরও বলেন, ‘বিরোধী দল আমরা অবশ্যই চাই। একটি গণতান্ত্রিক দেশে অবশ্যই বিরোধী দল থাকবে। কিন্তু সেই বিরোধী দল অবশ্যই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার পক্ষের হতে হবে।’
বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা চেয়েছিল পাকিস্তানের উচ্ছিষ্টভোগী স্বাধীনতাবিরোধীরা আবারও দেশ পরিচালনা করবে। আজ প্রমাণ হয়েছে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে এ দেশের মানুষকে সংগঠিত করেছেন।’
মন্ত্রী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যেভাবে আজ মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করেছেন, পৃথিবীর কোনো শক্তি নেই মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার এই চেতনাকে ধ্বংস করতে পারে। একটি ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করতে পারে।’
দেশের যেকোনো পেশাজীবীদের থেকে কৃষিবিদদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের সংখ্যা বেশি দাবি করে কৃষিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কৃষকদের প্রথম শ্রেণির স্ট্যাটাস দিয়েছিলেন। তিনিই বলেছিলেন, আমি কৃষককে ভালোবাসি, কৃষিকে ভালোবাসি। এ দেশের কৃষকদের দুঃখ দুর্দশা আমি দেখেছি।’
সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।